সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এন-৭ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সড়ক বিভাগ জানায়, এ প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে মাগুরায় মোট ৭ হাজার ৩শ বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে আগামী এক বছরের মধ্যে জেলায় ১ হাজার ৫শ বৃক্ষরোপণ করা হবে।