চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্ষু রোগের ঝুঁকি কমাতে শুধু চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিও বিবেচনায় নিতে হবে। এসব রোগের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাই বিচ্ছিন্নভাবে চিকিৎসা দেয়ার পরিবর্তে সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ প্রয়োজন

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণ যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম। এজন্য স্বাস্থ্য খাতের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্ষু রোগের ঝুঁকি কমাতে শুধু চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিও বিবেচনায় নিতে হবে। এসব রোগের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাই বিচ্ছিন্নভাবে চিকিৎসা দেয়ার পরিবর্তে সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ প্রয়োজন।

শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতির পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। অন্যদিকে, চোখের ছানির অস্ত্রোপচার অনেকের জন্য ব্যয়বহুল। তাই রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্লাটফর্ম গড়ে তুলতে হবে। এসব প্লাটফর্মের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এতে ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগে সচেতন হতে পারবে।

আরও