ডিগ্রি নয়, বর্তমান বিশ্বে প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি: গাকৃবির ভিসি

সভায় জানানো হয়, সিএবিআই অ্যাকাডেমির কোর্সগুলো আন্তর্জাতিক মানের কনটেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা, স্বীকৃত সার্টিফিকেট প্রদান এবং কৃষি ও পরিবেশ খাতে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করছে ।

ডিগ্রি নয়, বর্তমান বিশ্বে বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআই-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় আমাদের শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।’

মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) অ্যাকাডেমির কোর্সসমূহকে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের সঙ্গে অন্তর্ভুক্তকরণ বিষয়ক একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাকৃবির ভিসি এসব কথা বলেন।

সভায় জানানো হয়, সিএবিআই অ্যাকাডেমির কোর্সগুলো আন্তর্জাতিক মানের কনটেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা, স্বীকৃত সার্টিফিকেট প্রদান এবং কৃষি ও পরিবেশ খাতে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করছে ।

গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ এবং সিএবিআই-এর ডিজিটাল টুলস ইউজের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

সভায় স্বাগত বক্তব্যে সিএবিআই প্রতিনিধি ড. সালেহ আহমেদ সংস্থাটির বৈশ্বিক কার্যক্রম তুলে ধরেন। পরে ড. মালভিকা চৌধুরী সিএবিআই অ্যাকাডেমি ও ডিজিটাল লার্নিং কোর্সসমূহের ওপর তথ্যবহুল উপস্থাপনা দেন। এছাড়া গাকৃবির সাফল্য ও অর্জন নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

উন্মুক্ত আলোচনায় কীভাবে সিএবিআই-এর আন্তর্জাতিক ও গবেষণাভিত্তিক কোর্সগুলো গাকৃবির শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের কারিকুলাম অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সম্মতি দেন। এছাড়াও ডিজিটাল হার্বেরিয়াম সংযুক্তকরণ, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম, সনদ প্রদান এবং গবেষণা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।

আরও