সাগরে ইলিশের ঝাঁক পদ্মা-মেঘনায় কম

সাগরের ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না।

সাগরের ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পালবাজার, বিপণীবাগ, নতুন বাজার, ওয়ারলেছ বাজার, পুরানবাজারসহ বিভিন্ন খচুরা বাজারে গিয়ে দেখা যায়, প্রতিটি বাজারে সাগরের ইলিশই বেশি। স্থানীয় নদীর ইলিশ তেমন একটা নেই। তারপর ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে বড়স্টেশন মাছঘাট। আড়তদার ও খুচরা বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। সরবরাহ বাড়ায় ইলিশের দাম আগের চেয়ে কিছুটা কমেছে।

স্থানীয় মৎস্য অফিস বলছে, কয়েক দিন পর ইলিশের সরবরাহ আরো বাড়বে। ডিম ছাড়ার সময় হলে নদীতেও ইলিশ ধরা পড়বে।

ভরা মৌসুমেও যখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছিল না তখন অনেকটাই হতাশ ছিলেন জেলেরা। তবে সরবরাহ বাড়ায় হতাশা কাটিয়ে উঠেছেন জেলেরা। তারা জানান, এখন তাদের কেনাবেচা ভালো। তবে পদ্মা ও মেঘনায় একেবারে মাছ কম। উপকূলীয় মাছ দিয়ে জেলেরা তাদের সংকট দূর করছেন। ক্রেতারাও একইভাবে লোকাল মাছের স্বাদ উপকূলীয় ইলিশ দিয়ে সারছেন।

মাছ ব্যবসায়ী মোখলেছ ভূঁইয়া জানান, গত বছর এ সময় আরো বেশি উপকূলীয় ও পদ্মা-মেঘনার ইলিশ সরবরাহ ছিল। সে তুলনায় কম ইলিশ এবার ঘাটে আসছে। তবে বর্তমানে যে পরিমাণ সরবরাহ হচ্ছে, পরিস্থিতি এমন থাকলে ব্যবসায়ীরা তাদের বিগত লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে।

অনলাইন ইলিশ বিক্রেতা মাছুদ হোসেন জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মা ও মেঘনার ইলিশের অর্ডার বেশি আসে। কিন্তু লোকাল ইলিশের সরবরাহ খুবই কম। চাহিদা অনুযায়ী ক্রেতার লোকাল ইলিশ মাছ দিতে পারছি না। ফেসবুক পেজের মাধ্যমে বেশ কয়েকজন ব্যবসায়ীকে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। এখন তারা পদ্মা-মেঘনার ইলিশ না থাকায় ব্যবসা বন্ধ করে দিয়েছেন।

ইলিশ গবেষক ড. আমিনুল ইসলাম বলেন, ‘লোকাল ইলিশ হ্রাসের বেশকিছু কারণ আছে। এ মধ্যে অন্যতম কারণ , নদীতে পানিপ্রবাহ কম। নদীতে যে আবাসস্থল রয়েছে তাতে পরিবেশগত বিপর্যয় অনেকাংশ দায়ী। এছাড়া নদীর বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠাও একটি বড় কারণ।’

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার বলেন, ‘এ বছর প্রাকৃতিক কারণে মৌসুম শুরুতে ইলিশ সরবরাহ কম ছিল। এখন উপকূলীয় ইলিশ বেশি আসছে। লোকাল ইলিশ খুবই কম। এখন গড়ে ৫০০-৬০০ মণের মতো ইলিশ আসছে। এভাবে সরবরাহ হলে ব্যবসায়ীরা কিছুটা হলেও পোষাতে পারবেন। তবে বিগত দিনের তুলনায় সাগরের ইলিশের দাম কিছুটা হলেও কমেছে। সরবরাহ বাড়লে ইলিশের দাম আরো কমবে।’

আরও