সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজের বাম দিকের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে যায়। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
এতে জানানো হয়, বিমানের চিফ অব ফ্লাইট সেফটির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি সেফটি ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের আওতায় অপর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আলোচ্য ঘটনার মূল কারণ অনুসন্ধান, এই সম্পর্কিত মেইন্ট্যানেন্সের শর্ত ও রেকর্ড পরীক্ষা এবং এমন ঘটনা পুনঃসংঘটন রোধে পরামর্শ প্রদান করবে। তিন কর্মদিবসের মধ্যে কমিটি তার প্রতিবেদন দাখিল করবে।
উড়োজাহাজটিকে আবার যাত্রীসেবায় ফিরিয়ে আনতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উড়োজাহাজটির প্রস্তুতকারকের কাছে ঘটনাটি রিপোর্ট করে রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শ নেয়া হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা নেয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা শেষে উড্ডয়নের জন্য উড়োজাহাজটিকে যাত্রীসেবার জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হবে।