সড়ক দুর্ঘটনায় দেশের আট জেলায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে নয়জন, নাটোরে দুজন, লালমনিরহাটে দুজন, গাজীপুরে দুজন, মানিকগঞ্জ, বাগেরহাট, সিরাজগঞ্জ ও নওগাঁয় একজন করে নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ময়মনসিংহ: জেলার ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় বাস ও মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অটোরিকশাচালক।’
মানিকগঞ্জ: জেলার মানিকগঞ্জ-সিংগাইর সড়কের কাশিমনগর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে ট্রাকের হেলপার ও বাসের চার যাত্রীসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা জানান, গতকাল কাশিমনগর এলাকায় শুকতারা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকচালক বিল্লাল ঘটনাস্থলেই নিহত হন। এতে ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ পাঁচজন আহত হন। সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর: জেলার বনবেলঘড়িয়া এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকালের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, রাব্বী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক বাবু নামে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে নাটোর সদর এবং একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজার এলাকায় গাড়ি থামিয়ে ডাকাতির সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক ডাকাত সদস্য এবং পরে ডাকাতদের হামলায় সিএনজিচালক আবুল কালাম (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, এলাকাবাসীর সহায়তায় চার ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। নিহত ডাকাত দলের সদস্যের নাম মো. আরিফ হোসেন (২২)।
বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় গরুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাবিল মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক, হেলপার ও গরুর রাখালসহ তিনজন।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
লালমনিরহাট: জেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মেরাজুল ইসলাম (২৫) ও অনিক মিয়া (২৪) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ পড়তে মোটরসাইকেল নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মেরাজুল ও অনিক। পথে মির্জারকোট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেরাজুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন অনিক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয় ।
বড়খাতা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওগাঁ: জেলার পত্নীতলার খিরসিন এলাকায় পিকআপ ও ভটভটির সংঘর্ষে পিকআপচালক মো. জসিম (৩৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন ভটভটি চালক ও হেলপার।
পুলিশ জানায়, সকালে বৃষ্টির সময় নজিপুর অভিমুখী একটি পিকআপের সঙ্গে বদলগাছী অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপচালক নিহত হন। এ ঘটনায় ভটভটিচালক ও তার সহযোগী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পত্নীতলা থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সিরাজগঞ্জ: জেলার কাজিপুরে যাত্রীবাহী বাস উল্টে আইনুল হক (৬০) নামে একজন নিহত হয়েছেন। গতকালের দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম জানান, কাজিপুর থেকে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। হতাহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়।