ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। উচ্চ শিক্ষাকে আরো আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেয়া হচ্ছে।’
গতকাল দুপুরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, ‘তোমরা সবাই আগামী দিনে স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের প্রত্যাশা একটি সুন্দর ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা। তোমাদের হাত ধরেই সেই প্রত্যাশা পূরণ হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।’
তিনি বলেন, ‘জীবনে সফল হতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত কোনোভাবেই হাল ছেড়ে দেয়া যাবে না।’
অনুষ্ঠানে বক্তব্য শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।