রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শান্তি পরিবহনের বাস ও পর্যটকবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালকসহ ৭ পর্যটক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি কানন সরকার।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী মাহিন্দ্রা ও চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাজেক সড়কের কিয়াংঘাটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমড়ে-চুমড়ে যায়। এ ঘটনায় চালকসহ ৭ জন পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে।