আহত অর্ধশত

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রডগেজে চলাচলকারী ঢাকা-দিনাজপুর রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হবে।

বগুড়ার সান্তাহারের তিলপুরের কাছাকাছি নীলসাগর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টায় লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি দুর্ঘটনায় পড়ার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে—এমন প্রস্তুতি চলছে।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছাড়ার কিছু সময় পরই বাগবাড়ি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রাথমিকভাবে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। বগিগুলো উদ্ধারে কাজ চলছে।

বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় কিছু যাত্রী আহত হয়েছেন। আহতদের সংখ্যা দ্রুত নির্ণয় করা যায়নি। আহতদের বেশিরভাগই ছাদে উঠেছিলেন।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান আরও জানান, আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রীদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাজু জানান, বগুড়ার সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেন চলাচল করছে। তবে ব্রডগেজে চলাচলকারী ঢাকা-দিনাজপুর রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হবে।

আরও