কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না। তাদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু কেনা হবে।
আজ শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে। আমরা খেজুর আমদানি করে আনি। স্থানীয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানি-নির্ভরতা কমবে। নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে আলু বীজ কিনতে হয়। দেশে উন্নত জাতের আলু বীজ উৎপাদন করতে পারলে দেশের কৃষির জন্য তা ভালো হবে। বিএডিসি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে সে কাজ করছে বলে জানান উপদেষ্টা।
সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, সবজির বাজারে বৃষ্টির প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে এ সমস্যা থাকবে না।
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম বিষয়ে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আশা করছি, নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া হবে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার, সেভাবে নিচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন। পরে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন উপদেষ্টা।