কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এসব অভিযান চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কসবা উপজেলার চণ্ডীদার ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল ও খাড়েরা সীমান্ত ফাঁড়ির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাসমতি চাল, বাজি, তালা, ত্বকের ক্রিম, গাঁজা এবং ইজিবাইক উদ্ধার করা হয়।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।