সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস পাওয়ায় অমর একুশে বইমেলায় অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বই প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুর আহমদ চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এ সিদ্ধান্তের কথা জানান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্যাভিলিয়ন না নেয়ার ও কাউকে না দেয়ার মাধ্যমে মেলায় সবার সমান অধিকার নিশ্চিত করার দাবিতে তারা অনড় ছিলেন। গতকাল রাতে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপস) মধ্যে একটি ফলপ্রসূ ও আন্তরিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকার প্রকাশকদের শর্তগুলো মেনে নিলে সমঝোতা তৈরি হয়।
প্রকাশকদের পক্ষ থেকে জানানো হয়, তারা শুরুতে বাস্তবতার নিরিখে ঈদের পর মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে সাড়া না মিললেও, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রকাশকদের সঙ্গে আলোচনায় বসেন। প্রকাশকদের তিনটি প্রধান শর্ত পূরণের আশ্বাস মেলায় অংশ নেয়ার পথ প্রশস্ত করে। এরইমধ্যে দুই শতাধিক প্রকাশক গত ১৯ তারিখ মেলার জন্য আবেদন জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহমদ পাবলিশিং হাউজের প্রকাশক মেছবাহউদ্দীন, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, বাতিঘর প্রকাশনীর প্রকাশক দীপঙ্কর দাশ, আদর্শ প্রকাশনীর মাহাবুব রাহমান প্রমুখ।