তিনি বলেন, ‘বিদ্যমান যমুনা সেতু সংকীর্ণ চার লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজট হচ্ছে, যা নিরসনে যমুনা নদীর ওপর একটি বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।’ জাতীয় সংসদে গতকাল সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘দ্বিতীয় যমুনা সেতুর তিনটি অ্যালাইনমেন্টের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। সেগুলো হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা-জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্য দিয়া যমুনা নদীর ওপর, গাইবান্ধার বালাসীঘাট হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত বা অন্য কোনো উপযুক্ত করিডোর।’
সে সময় সরকারি দলের সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ‘এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান ২০৪০ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ছয় লেন এবং ১০২ কিলোমিটার মহাসড়ক আট লেনে উন্নীত করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলো ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলমান কোনো প্রকল্পই ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নেই।’
তিনি বলেন, ‘ডিএমটিসিএলের আওতায় বর্তমানে ফাস্টট্র্যাক প্রকল্পগুলো হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট ও এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট।’