সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক’ বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে সাতদিনের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। পরে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ক্যান্টনমেন্ট থানার ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার আদেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মো. রাকিবুল হাসানের নামে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা শেখ হাসিনার নাম উল্লেখ করে একজনকে বলতে শোনা যায় যে তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এলে পুলিশ কিছুই করতে পারবে না। ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল’ বলেও মন্তব্য করতে শোনা যায় ওই অডিওতে।