দ্বাদশ সংসদ নির্বাচনকে কারচুপি, অনিয়ম ও পেশিশক্তি মুক্ত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠককালে এ নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।
যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৈঠক হয়।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আমাদের তরফ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সিইসি বলেন, আমরা কেউ ভোট কেন্দ্রের ভিতর থাকবো না। ভিতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোট কেন্দ্রের ভিতরে যাতে কোন অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব, কোনো রকমের পেশিশক্তির প্রয়োগ না হয়, সেই বিষয়ে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর , গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।