বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বর্তমান সুস্থ গণতান্ত্রিক পরিবেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগের বিস্তারিত তুলে ধরেন এবং বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ আরো বাড়ানোরও আহ্বান জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপের বিভিন্ন দেশকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ইইউ সদস্যরাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানান। অভিনন্দনবার্তার জন্য এ সময় রাষ্ট্রপতি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বর্তমান সুস্থ গণতান্ত্রিক পরিবেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগের বিস্তারিত তুলে ধরেন এবং বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ আরো বাড়ানোরও আহ্বান জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলো এবং ইইউর মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ অংশীদারত্ব বর্তমানে বহুমাত্রিক রূপ লাভ করেছে।’

এ সময় তিনি অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের পথ আরো সম্প্রসারণ এবং আরো ইইউ সদস্য রাষ্ট্রকে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে যোগ দেয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এছাড়া সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

সৌদি আরবে দক্ষ জনশক্তি রফতানি ও অবকাঠামো নির্মাণের সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির: ভ্রাতৃপ্রতিম সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রফতানি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধি দল সৌদি আরবে ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-কে কেন্দ্র করে সৃষ্ট বিশাল উন্নয়ন, ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড, অবকাঠামো নির্মাণ ও প্রচুর দক্ষ জনশক্তি চাহিদার ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এ বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে প্রতিনিধি দলকে পরামর্শ দেন এবং পূর্ণ সহযোগিতায় আশ্বাস দেন। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি শেখ নাসির উদ্দিন, পরিচালক প্রীতি চক্রবর্তী, মো. জান্নাতুল ফেরদৌস, এবিএম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন এবং শামসুল আলম লিটন। এছাড়া সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এদিকে রাষ্ট্রপতি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও নৃগোষ্ঠীসহ অন্য সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। সব সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি সম্প্রীতিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে।’

গতকাল দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের সৃষ্টি করা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ নৃগোষ্ঠী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার বিষয়ে তিনি অবগত রয়েছেন বলেও জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে আসন্ন দুর্গা পূজায় ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানায় প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির কাছে প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। জবাবে তিনি সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক সহসম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জন গমেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আরও