ভারতে পালানোর সময় পাঁচজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার দিবাগত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তের শুয়েরপাড় এলাকার ১০০ গজ দূরে ৭৭৫ নং পিলারের কাছ থেকে ৫৬ বিজিবির মালকাডাঙ্গা বিওপির টহল দল তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন— নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং কল্যাণ রায় (২৪)। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগারি এলাকার বিভিন্ন গ্রামে। বর্তমানে আটককৃতদের বোদা থানায় মামলা এবং হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সোমবার রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নীলফামারি জেলার হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের ভারতে প্রবেশের খবর পায় তারা। তৎক্ষণাৎ মালকাডাঙ্গা বিওপির হাবিলদার নোয়াব আলীর নেতৃত্বে টহল দল ৭৭৫ নং পিলারের কাছে তৎপরতা চালায়। এ সময় বিজিবির উপস্থিতি জানতে পারে ভারতে প্রবেশের চেষ্টা করা বাংলাদেশীরা। তারা দৌড়ে পালাতে শুরু করলে টহল দলের সদস্যরা পাঁচ ব্যক্তিকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি শক্ত অবস্থানে রয়েছে।