কক্সবাজারের রামুতে গরু চোরাচালান নিয়ে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কাশেম ( ৪৮) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার গর্জনিয়া ও জোয়ারিয়ানালার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিলের মৃত আলী আহমদের ছেলে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতের আঁধারে গরু পাচারের সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারান।’
চেয়ারম্যান বাবুল আরো বলেন, ‘গত কয়েক মাসের ব্যবধানে এ ইউনিয়নে গরু পাচারকে কেন্দ্র করে চারজনকে হত্যা করা হয়েছে। বর্তমানে পুরো ইউনিয়নের জনসাধারণ আতঙ্কে রয়েছে। আমি আতঙ্কিত। গরু পাচার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর দাবি জানানো হলেও বাস্তবে তা হচ্ছে না। যে কারণে অপরাধীরা নির্বিঘ্নে চুরি, ডাকাতি, হত্যার মতো অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, এরই মধ্যে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এর আগে রামুতে গরু পাচারকে কেন্দ্র করে গত চার মাসে পৃথক ঘটনায় পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। এদের মধ্যে শুধু গর্জনিয়া ইউনিয়নেই হত্যার শিকার হয়েছেন চারজন।