সিঙ্গাপুর থেকে আরো চার কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশে গ্যাসের সরবরাহ ও সংকটের কারণে বিদ্যুৎ ও শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্প-কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।

বিদ্যুৎ ও শিল্প খাতের জ্বালানি চাহিদা মেটাতে চার জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। এ চার জাহাজ এলএনজি সরবরাহ করবে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়া। অর্থ মন্ত্রণালয় বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর একটি জাহাজের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দর দিয়েছে ২৭ দশমিক ৫৪ ডলার। প্রতিষ্ঠানটির আরেকটি জাহাজের দর ২৩ দশমিক ৯৮ ডলার। বিপি সিঙ্গাপুর একটি জাহাজের দর দিয়েছে ২৮ দশমিক শূন্য ৩ ডলার, ভিটল এশিয়া আরেকটি জাহাজের দর দিয়েছে ২৬ দশমিক ৬৬ ডলার।

এর আগে গত ২৪ আগস্ট দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। তখন একটি কার্গোর ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউয়ের (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) খরচ দেখানো হয় ২৪ দশমিক ৬২ ডলার। অন্যটিতে এ দর ছিল ২৪ দশমিক ২৫ ডলার। আর গত ১৯ আগস্ট ক্রয় কমিটির বৈঠকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়; সেখানে প্রতি এমএমবিটিইউ খরচ ধরা হয়েছিল ২৩ দশমিক ৯৩ ডলার।

দেশে গ্যাসের সরবরাহ ও সংকটের কারণে বিদ্যুৎ ও শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্প-কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। ফলে আমদানি করা এলএনজি দিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করছে সরকার। তবে আগামী এক-দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

গতকাল রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে রিজভী বলেন, ‘মহেশখালীতে গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিল। সেটা ঠিক হয়ে এসেছে। আগামী এক-দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। সংকট নিরসন হবে। রান্নাঘরে এখন গ্যাসের অভাবে যে চুলা অল্প জ্বলছে, সেই চুলা আবার জ্বলতে থাকবে। মিল-কলকারখানার জন্য যে পর্যাপ্ত জ্বালানি দরকার, সেটির ব্যবস্থা এক-দেড় সপ্তাহের মধ্যে হয়ে যাবে—এটা সরকারের কমিটমেন্ট। দ্রুত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি।

আরও