স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২২১৬ টাকা

সবশেষ গত ৩০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দফায় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্যাটসহ বর্ধিত এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ৩০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দফায় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে বাজুস ৮৫ বার সমন্বয় করেছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল— যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫২ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৬ দফা। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল রৌপ্যের দাম।

আরও