ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা, একই পরিবারের ৪ জন আটক

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সেখান থেকেই ওই চারজনকে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়।

ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় একই পরিবারের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাতে ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হরেন্দ্র কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল, তার স্ত্রী সঞ্জীতা রানী শীল, ছেলে নোবেল চন্দ্র শীল ও মেয়ে বর্ষা রানী শীল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সেখান থেকেই ওই চারজনকে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) ও উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদের সহায়তায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাসান পালিয়ে যায়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও