বাসের সঙ্গে সংঘর্ষ, চকরিয়ায় প্রাণ গেল দুই পিকআপ আরোহীর

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্র বলছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন

চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় যাত্রীবাহী শ্যামলী এনআর পরিবহন ও সবজিবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পিকআপের আরোহী ছিলেন নিহতরা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় গতকাল দিবাগত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্র বলছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. সেলিম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও