প্যাকেটজাত খাদ্যে সতর্কবার্তা লেবেল চালুর দাবিতে প্রচারণা শুরু

আয়োজকরা জানান, প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের সামনে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) থাকলে পণ্যে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি রয়েছে কিনা, তা সহজে বুঝতে পারবেন ভোক্তারা। এতে পুষ্টি-সংক্রান্ত তথ্য দ্রুত শনাক্ত করা এবং সচেতনভাবে খাদ্যপণ্য বেছে নেয়া সহজ হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসজনিত রোগের ঝুঁকি কমাতেও এ ধরনের লেবেল কার্যকর ভূমিকা রাখতে পারে।

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাদ্য ও পানীয় চিহ্নিত করতে মোড়কের সামনের অংশে সতর্কবার্তা লেবেল চালুর বিষয়ে জনসচেতনতা তৈরিতে দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে সরকারের চলমান উদ্যোগে জনসমর্থন তৈরিও এ কর্মসূচির লক্ষ্য।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ প্রচারণার উদ্বোধন করা হয়। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজকরা জানান, প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের সামনে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) থাকলে পণ্যে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি রয়েছে কিনা, তা সহজে বুঝতে পারবেন ভোক্তারা। এতে পুষ্টি-সংক্রান্ত তথ্য দ্রুত শনাক্ত করা এবং সচেতনভাবে খাদ্যপণ্য বেছে নেয়া সহজ হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসজনিত রোগের ঝুঁকি কমাতেও এ ধরনের লেবেল কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বোঝার প্রেক্ষাপটে এ প্রচারণা চালানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস এ ধরনের রোগের অন্যতম প্রধান কারণ। এছাড়া দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৩১ দশমিক ৮ শতাংশের অতিরিক্ত ওজন রয়েছে এবং ১৩ দশমিক ৪ শতাংশ স্থূলতায় আক্রান্ত। অতিরিক্ত ওজন ও স্থূলতা হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

প্রচারণার উদ্বোধন করে প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অস্বাস্থ্যকর মোড়কজাত খাদ্য ও পানীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে মোড়কের সামনে সতর্কবার্তা লেবেলসংক্রান্ত প্রবিধানমালা প্রণয়নে কাজ করছে কর্তৃপক্ষ।

দুই মাস ধরে টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র এবং গুগল বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা চালানো হবে। ভিডিও ও অডিও বিজ্ঞাপন, স্থিরচিত্র এবং অন্যান্য জনসচেতনতামূলক উপকরণও প্রচার করা হবে। প্যাকেটজাত খাদ্য ও পানীয়তে সতর্কবার্তা লেবেলসংক্রান্ত প্রবিধানমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করাও এ কর্মসূচির উদ্দেশ্য।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়া বক্তব্য দেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং সিএলপিএর সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।

আরও