বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন না দেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। গতকাল এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন আবেদন নাকচ করায় ভারত গভীর উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি-ভাংচুর এবং দেব-দেবী ও মন্দিরের পবিত্রতা নষ্টের একাধিক ঘটনা নথিভুক্ত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পেছনে যারা জড়িত, তাদের বড় অংশকেই বাদ দিয়ে; ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা চিন্ময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দুসহ সব সংখ্যালঘুর সমাবেশ করার ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করাসহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।