সহজ ও নিরাপদ করতে হবে প্রবাসীদের বিনিয়োগ প্রক্রিয়া

এএসএম শহীদুল্লাহ্ খান
চেয়ারম্যান, ওয়ান ব্যাংক পিএলসি

রেমিট্যান্সকে জাতীয় সম্পদে রূপান্তরে প্রবাসীদের জন্য ‘ওয়েজ আর্নার্স কার্ড’ করা যেতে পারে। তাদের প্রতিটি আনুষ্ঠানিক রেমিট্যান্স কার্ডটির সঙ্গে যুক্ত করা যেতে পারে।

এর মাধ্যমে রেমিট্যান্স প্রেরকদের সঞ্চয় ও বিনিয়োগে যুক্ত করা যাবে।

বিদেশে কর্মসংস্থানের জন্য নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সঙ্গে যুক্ত করে কার্ডটি দেয়া যেতে পারে। বিদ্যমান সিআইপি কর্মসূচির পাশাপাশি কার্ডটি বিস্তৃত স্বীকৃতি কাঠামো হতে পারে। এর মাধ্যমে সরকারি সেবা, বিমানবন্দর, স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা দেয়া যেতে পারে।

প্রত্যেক অনাবাসী বাংলাদেশীর একটি নির্দিষ্ট হিসাব থাকা উচিত। বর্তমানে সিঙ্গাপুর থেকে তিনি অ্যাপ ব্যবহার করে বাংলাদেশে লেনদেন করতে পারছেন না। শারীরিকভাবে তাকে বাংলাদেশে আসতে হয়। এনআরবি হিসাব প্রবাসীকে বাংলাদেশের সঙ্গে যুক্ত রাখার আর্থিক প্রবেশদ্বার হওয়া উচিত। এর সঙ্গে একটি ‘ফ্যামিলি ওয়ালেট’ যুক্ত করা যেতে পারে। যার মাধ্যমে স্বামী বা স্ত্রী, সন্তান ও বাবা-মাকে অর্থ দেয়া যাবে। প্রবাসীরা জমি কিনলেও অনেক সময় মালিকানা তাদের নামে থাকে না। পরিবারের অন্য সদস্যের নামে সম্পত্তি হস্তান্তর এবং প্রতারণার ঘটনাও ঘটে। তাই সম্পত্তির মালিকানার জন্য একটি সুবিধা তৈরি করতে হবে।

প্রবাসীদের বিনিয়োগ করার প্রক্রিয়া আরো সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে হবে। বিদেশ থেকে বাড়ি বা জমির লেনদেন সম্পন্ন করা কঠিন ও ঝুঁকিপূর্ণ। ব্যাংক, ডেভেলপার, ভূমি নিবন্ধন কর্তৃপক্ষ ও সরকারি সংস্থাকে যুক্ত করা প্রয়োজন। ডিজিটাল কাঠামো তৈরি হলে বিদেশ থেকেই সম্পত্তি যাচাই করা যাবে। নথিভুক্ত অর্থ পরিশোধ ও হাউজিং ফাইন্যান্স নেয়াও সম্ভব হবে। এতে এনআরবিরা সুরক্ষিত থাকবেন এবং সঞ্চয় আনুষ্ঠানিক চ্যানেলে আসবে। আনুষ্ঠানিক বিনিয়োগকে বাংলাদেশে অর্থ পাঠানোর মতো সহজ করা উচিত। তাহলে আনুষ্ঠানিক চ্যানেলই প্রবাসীদের স্বাভাবিক পছন্দ হয়ে উঠবে।

আজকের স্বীকৃতি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি নয়, অর্থনীতিতে সম্পৃক্ততারও স্বীকৃতি। অভিবাসী কর্মী থেকে তারা রেমিট্যান্স প্রেরক হয়ে উঠেছেন। এরপর রেমিট্যান্স প্রেরক থেকে সঞ্চয়কারী ও বিনিয়োগকারী হবেন। শেষ পর্যন্ত তারা বাংলাদেশের আজীবনের অংশীজনে পরিণত হবেন। এভাবেই রেমিট্যান্সকে আর্থিক প্রবাহ থেকে দীর্ঘমেয়াদি জাতীয় সম্পদে রূপান্তর সম্ভব।

আরও