খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুজনকে গুলি করে হত্যা

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, দুর্বৃত্তদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খুশি।

খুলনা নগরীতে ১২ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়ায় বউবাজার এলাকার সাত নম্বর গলিতে খুশি (২৪) নামে এক গৃহবধূর মাথায় পরপর দুটি গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, দুর্বৃত্তদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খুশি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ওসি আরো জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

জানা গেছে, নিহত খুশি এক ছেলে ও এক মেয়ের জননী।

এদিকে ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে তুষার (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, তুষারের মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদরাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান।

ওসি জানান, নিহত তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।

এর আগে ১৭ অক্টোবর রাত ২টার দিকে নগরের পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা এক যুবককে গুলি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুলি তার বাঁ ঊরুতে লাগে। ভুক্তভোগীর নাম শেখ জুম্মান রহমান বিশাল। তিনি পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে।

আরও