চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গতকাল বেলা ২টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকালে ক্যাম্পাসে গ্রাফিতি আঁকার কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক রাতভর পাহারা দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী শরীফুল হাসনাত বলেন, ‘আমরা গ্রাফিতি কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই দাবি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে উপাচার্য হিসেবে ফিরে পেতে চাই। এতদিন পরও আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা হতাশ। আমরাও ক্লাসে ফিরতে চাই। ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এক্ষেত্রে শিক্ষার্থীদের একাডেমিক জীবন ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে।’
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেয়ার পর আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। নিয়োগের ৫৬ দিনের মাথায় তাকে অপসারণের প্রতিবাদে তারা বিক্ষোভ, মানববন্ধন, গণস্বাক্ষর, গণঅবস্থান ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে উপাচার্যের বাসভবন ও কার্যালয়ে তালা দেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।