ভোরে আকস্মিক থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা জানান, রমজানে থানাগুলো সঠিকভাবে ফাংশন করছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কিনা এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা- তা দেখতেই এ পরিদর্শন।

ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর থানাগুলো ঘুরে দেখেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, এদিন ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টা একে একে তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করেন।

জানা গেছে, ভোরে চার থানার অভ্যর্থনা কক্ষ, হাজতসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। সেখানে দায়িত্বরত ডিউটি অফিসারসহ বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।  পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্থাপিত চেকপোস্ট ও সড়কে যৌথ বাহিনী টহল কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশিচৌকি/চেকপোস্ট বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে; যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে; যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা জানান, রমজানে থানাগুলো সঠিকভাবে ফাংশন করছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কিনা এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা- তা দেখতেই এ পরিদর্শন।

আরও