দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
এদিন সকাল ৯টার আগেই কানায় কানায় ভরে ওঠে প্রায় ২৩ একর জমি নিয়ে বিস্তৃত গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। তাদের জন্য ময়দান ও আশপাশে ওযু, যানবাহন রাখার পৃথক স্থান, মেডিকেল টিম, খাবার পানিসহ ১৪৫টি মাইক রাখা হয়। মসজিদের প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে ছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
- বাসস