ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা জারি করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ থেকে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ থেকে পুলিশ মহাপরিদর্শক (সিনিয়র সচিব পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সব প্রকার আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
গত বছরের ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পান শেখ মো. সাজ্জাত আলী।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেয়া হয়।