ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে গেলে বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিন জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। শনিবার (অক্টোবর) ভোর ৩টায় ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার চুয়াডাঙ্গা জেলা সদরের আজিবর রহমানের পুত্র রুকুনুজ্জামান রঞ্জু (৫০), একই জেলার ধামুড়হুদা উপজেলার শ্রী মিলন কুমার বিশ্বাসের পুত্র হেলপার চঞ্চল বিশ্বাস (২৪) এবং মিজানুর রহমানের পুত্র সালাহউদ্দিন আহম্মেদ সাকিব (৩২)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বাসসকে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় রেলিং ভেঙ্গে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার ষ্টেশনের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌছে ৩ জনের মরদেহ এবং আহত ১৬ জনকে উদ্ধার করে। আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আহতরা হলেন- হ্নদয় (৩০), নুর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবার্ড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীফুন বসু ( ৪০), ইকরাম ( ৪০), রায়হান (২১), হাসিব (২২), তিসা (২৪) ও বোরহানউদ্দিন (৫৫)।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহের রানা বাসসকে জানান নিহতদের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।