অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, ভিডিও ভাইরাল

সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে আরেকটি পোস্টে বলা হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। ভিডিওতে তিনি বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, ছাড় পাবে না। নিজের দলের কেউ এ কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরো বড় হবে।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের ভিডিও আপলোড করেন তিনি। বিষয়টি পরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, এ অভিযান নিয়ে তিনি এখন পর্যন্ত তিনটি ভিডিও এবং ছবি সংবলিত একটি পোস্ট দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন বস্তিতে আকস্মিক অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি থেকে নেমে চিৎকার করে বলেন, ‘এই ধর ধর ধর...।’ পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ প্রতিমন্ত্রীর দেহরক্ষীরা তখন দৌঁড়ে কয়েকজনকে ধরার চেষ্টা করেন।

সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে আরেকটি পোস্টে বলা হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। ভিডিওতে তিনি বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, ছাড় পাবে না। নিজের দলের কেউ এ কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরো বড় হবে। পোস্টে জানানো হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন তিনি। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তিনি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‌ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান ’। ক্যাপশন অনুযায়ী, ঘটনাটি শনিবার গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় ঘটেছে। আরেকটি পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‌মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেয়া হবে না।’

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের নিয়ে আসে। ওসি আরো বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কিনা, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আরও