আইজিপির বক্তব্য নিয়ে বিভিন্ন দল-সংগঠনের নিন্দা

‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি: পুলিশ সদর দপ্তর

আইজিপির বক্তব্যে উদ্বেগ ও নিন্দা জানিয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সরকারের কাছে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ব্যাখ্যা দাবি করে বলছে, সরকার কি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদনযোগ্য মনে করে, নাকি এটি আইজিপির ব্যক্তিগত বক্তব্য তা অবিলম্বে পরিষ্কার করতে হবে।

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির যে মন্তব্য করেছেন তার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আইজিপির এমন বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তার অপসারণেরও দাবি উঠেছে।

গতকাল দুপুরে পুরান ঢাকায় কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেইটা করব।’

অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’

আইজিপির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতার ঢাল হিসেবে পুলিশপ্রধান কি ঘৃণিত ক্রসফায়ারকে ব্যবহার করতে চাইছেন? পুলিশের দায়িত্ব পেশাদার তদন্ত, অপরাধী শনাক্ত এবং গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা।’

আইজিপির বক্তব্যে উদ্বেগ ও নিন্দা জানিয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সরকারের কাছে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ব্যাখ্যা দাবি করে বলছে, সরকার কি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদনযোগ্য মনে করে, নাকি এটি আইজিপির ব্যক্তিগত বক্তব্য তা অবিলম্বে পরিষ্কার করতে হবে।

পরে এক বিবৃতিতে আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার প্রধান দায়িত্ব পুলিশের। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তি হয়ে এমন বক্তব্যে তিনি তার চাকরিবিধি লঙ্ঘন করেছেন।’

আইজিপির এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

এদিকে আইজিপির বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমলোচনার মধ্যে গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের অর্থে শব্দটি ব্যবহার করেননি। একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে ব্যাখ্যায় বলা হয়, সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করার উদ্দেশ্য তার ছিল না। মন্তব্যটি অসাবধানতাবশত হয়েছে।

আরও