গোলটেবিল বৈঠকে বক্তারা

পুলিশকে জনবান্ধব ও মানবিক করতে সংস্কার জরুরি

সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি ড. মো. মতিয়ার রহমান। মুখ্য আলোচক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান।

বাংলাদেশ পুলিশকে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন কাঙ্ক্ষিত সংস্কার। এ বিষয়ে ‘বাংলাদেশ পুলিশ সংস্কার: প্রেক্ষিত নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা একমত হয়েছেন। আজ শনিবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি ড. মো. মতিয়ার রহমান। মুখ্য আলোচক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. আব্দুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন সাবেক আইজিপি আশরাফুল হুদা। এতে বিচারপতি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে ড. মো. মতিয়ার রহমান বলেন, পুলিশ বাহিনীর বড় চ্যালেঞ্জ হলো ঔপনিবেশিক আইন ও কাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তির ঘাটতি, দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং কর্মচাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যা। তিনি বলেন, এর সমাধান করতে হবে আধুনিক ও গণমুখী আইন প্রণয়নের মাধ্যমে। প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, পেশাগত প্রশিক্ষণ, মনোভাবের পরিবর্তন, অযাচিত রাজনৈতিক প্রভাবমুক্তি, কমিউনিটি পুলিশিং, প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষতা বৃদ্ধি।

তিনি বলেন, পুলিশের কাজের ওপর নিরপেক্ষ নজরদারির জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন জরুরি। এ কমিশনে তিনি সাবেক ও বর্তমান বিচারপতি, সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী, সাংবাদিক, নারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। ড. মতিয়ার রহমান বলেন, মানবাধিকারসম্মত, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার মধ্যেই দেশের নিরাপত্তা, শান্তি ও উন্নতির ভবিষ্যৎ নিহিত রয়েছে।

মুখ্য আলোচক ড. মাহমুদুর রহমান বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। পুলিশ সদস্যদের জীবনমানের উন্নতি করতে হবে। পুলিশের মধ্যে দুর্নীতি দূর করতে হবে ও তাদের প্রশিক্ষণকে যুগোপযোগী করতে হবে। তিনি র‍্যাব থেকে সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ করেন। এসব সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ড. মাহমুদুর রহমান বলেন, পুলিশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য আলাদা কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের মানহানি হয়েছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে পুলিশের মনোবল ফিরিয়ে আনার প্রয়োজন আছে। এ জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও