প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন। ওইদিন বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাজশাহী সফর।
জনসভা ঘিরে মাদরাসা মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ নানা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরের দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাদরাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়ালে রঙ করা, সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি রাজশাহী আসছেন এটি নগরবাসীর জন্য অত্যন্ত আবেগ ও ভালোলাগার বিষয়। তাকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর আকাশপথে রাজশাহী আসবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।
এর আগে ওইদিন সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন তিনি। রাজশাহী সফর শেষে বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন তিনি।
একদিনে দেশের তিন বিভাগ সফরের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।
জুলাইয়ে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী: চব্বিশের গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ কথা জানান। খবর বাসস।
তিনি জানান, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজের তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে খোঁজ নেয়ার নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে গতকাল রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলি এলাকায় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যায়। প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সিসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তার ডান চোখের কোটরে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা।