কুমিল্লার চান্দিনায় নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় থানার ওসি নাজমুল হুদাকে বদলি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক আদেশে তাকে বদলি করা হয়। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) তিনি চান্দিনা থানায় দায়িত্ব হস্তান্তর করেছেন। নতুন ওসি হিসেবে হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম চান্দিনা থানায় যোগ দেবেন।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকায় এক নারী এনজিওকর্মী যৌন নির্যাতনের শিকার হন। একই সময় তার সহকর্মী এক পুরুষ এনজিওকর্মীকে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক শক দেয়া হয়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওসি নাজমুল হুদা ঘটনাটি জানার পরও ব্যবস্থা নেননি। থানায় ফোন করেও তারা কোনো সাহায্য পাননি। বরং এক পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে এলাকাবাসীর চাপের মুখে ওসি ঘটনাটি আমলে নিলেও যৌন হয়রানির মামলা নেননি।
অভিযোগ রয়েছে, তিনি অভিযুক্তদের বাঁচাতে ঘটনাটিকে মারধরের মামলায় পরিণত করেন।
ভুক্তভোগী তারেক রহমান জানান, থানায় তাকে একটি এজাহারে স্বাক্ষর করতে বলা হয়েছিল। কিন্তু তিনি বুঝতে পারেননি তাতে কী লেখা ছিল।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর জেলা পুলিশ সুপারের নজরে আসে। এরপর ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন স্বাক্ষরিত এক আদেশে ওসি নাজমুল হুদাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার নির্দেশ দেয়া হয়।
চান্দিনা থানার নতুন ওসি জাবেদ উল ইসলাম হোমনা থানা থেকে বদলি হয়ে আসছেন। এ বিষয়ে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়সাল তানভীর বলেন, ওসি বদলির আদেশ প্রশাসনিক কারণে দেয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) আদেশের কপি থানায় পৌঁছায়। পরে বৃহস্পতিবার তিনি দায়িত্ব হস্তান্তর করেন।