রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ম্যানেজমেন্ট ফেস্ট। আজ বুধবার (১ মার্চ) সকাল থেকে বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ আয়োজন শুরু হয়। দুপুরে ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয়, নাটক ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের জন্য র্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শারমিন আক্তারের আহ্বানে বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সার্বিক এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।