চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি মাছ ধরার ট্রলার, চারটি ট্রাক ও পরিবহনের সঙ্গে যুক্ত তিন শ্রমিককে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইছাখালী খালের ১৬ গেইট এলাকায় মাছ ধরার ট্রলারে সার তোলার সময় অভিযান চালিয়ে এসব সার, ট্রলার ও ট্রাকগুলো জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক মোহাম্মদ ইয়াসিন এবং দুই শ্রমিক মনির হোসেন ও মো. হাসনাইনকে আটক করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতারা পালিয়ে যায়।
কোস্ট গার্ড মিরসরাই কন্টিনজেন্টের কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭৫ বস্তা ইউরিয়া সার, একটি মাছ ধরার ট্রলার, চারটি ট্রাক ও তিন শ্রমিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব সার সমুদ্রপথে মিয়ানমারে পাচারের জন্য আনা হয়েছিল।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী। তিনি জানান, জব্দ করা সারের তালিকা তৈরি করে নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আটক শ্রমিকদের অর্থদণ্ড দেয়া হয়েছে। ট্রলারটি কোস্ট গার্ডের হেফাজতে এবং ট্রাকগুলো উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে হাতিয়ায় নেয়ার কথা বলে এসব সার আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিরসরাইয়ের সমুদ্র উপকূল ব্যবহার করে সাগরপথে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।