দেশের রফতানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ার কোনো পূর্বাভাস নেই বলে মন্তব্য করেছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমই’র সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো টানা ৭ মাস রফতানি নেতিবাচক ছিল না। কখনো ২-৩ মাসে এমনটা হয়েছে। আর আগামী জুন পর্যন্ত রফতানি প্রবৃদ্ধির এ নেতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমাদের ধারণা। কিন্তু এর পরবর্তী সময়েও যে এটা ইতিবাচক হবে, তার কোনো পূর্বাভাস নেই।
আজ রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘মাসিক-সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সংস্থাটির চেয়ারম্যান জাইদি সাত্তার সভাপতিত্ব করেন। এতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিবিদরা বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের চুক্তিকে অনৈতিক আখ্যা দিয়ে মোহাম্মদ হাতেম বলেন, চুক্তিতে বলা আছে যুক্তরাষ্ট্র কোথাও নিষেধাজ্ঞা দিলে সেটাকে আমাদের মানতে হবে। এখন তারা আর ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে অত্যাচার চালাচ্ছে। আবার তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসেছে, সেটাও কি আমাদের মানতে হবে? এটা অনৈতিক।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাতিল হওয়ায় ১৫ শতাংশ শুল্ক এখন সবার ওপর সমান। তাহলে এখানে আমাদের বাড়তি সুবিধা কী? হ্যাঁ, শুধু দেশটি থেকে সুতা আমদানি করলে সুবিধা রয়েছে। কিন্তু এ সুবিধার জন্যে আমরা রাষ্ট্রের অন্যান্য বড় সমস্যা মানব কেন? তাই সরকারেরই চুক্তি পর্যালোচনা করা উচিত।
জাইদি সাত্তার বলেন, যুক্তরাষ্ট্রের সুতা আমদানি করে পোশাক উৎপাদন করে সে দেশে রফতানি করলে যে শুল্ক–সুবিধা পাওয়া যাবে, তা ইতিবাচক।