হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ ও নিশ্চিত হাম রোগী দেখা গেছে ঢাকা বিভাগে।

দেশের হামের উপসর্গে নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৬৫ শিশু মারা গেছে। এর মধ্যে উপসর্গে ৯৬৪ ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও একজন খুলনা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ ও নিশ্চিত হাম রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৬৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৫ জন। এ সময়ে সবচেয়ে কম হামের উপসর্গ ও নিশ্চিত হাম রোগী ছিল রংপুর বিভাগে। এ বিভাগে ১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৩৮।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২। এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৫১০ শিশু চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

আরও