তুরস্কে কপ-৩১

প্রধানমন্ত্রীর সফরে জলবায়ু কূটনীতির পাশাপাশি গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের ভাইস প্রেসিডেন্ট ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিশ্চিত

আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ—এ বিষয়টিও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে বাংলাদেশ

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের সফরে জলবায়ু কূটনীতির পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে বাংলাদেশ। সফরকালে কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন অর্থায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আজ এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, ১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল কপ-৩১ সম্মেলনে অংশ নেবে।

আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ—এ বিষয়টিও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে বাংলাদেশ।

সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের ভাইস প্রেসিডেন্ট ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে পাটের একটি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এছাড়া সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি পার্শ্ব-আয়োজন অনুষ্ঠিত হবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি ও ভঙ্গুরতা তুলে ধরা হবে। অন্যটিতে সিনথেটিক পলিমারের বিপরীতে পরিবেশবান্ধব, জীবাণুবিয়োজ্য ও শূন্য-বর্জ্যভিত্তিক পাটপণ্য ব্যবহারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব বলেন, জলবায়ু অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। প্যারিস চুক্তির আওতায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহযোগিতা সব ক্ষেত্রে যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। কপ-৩১-এ বাংলাদেশ এ বিষয়ে জোরালোভাবে নিজের অবস্থান তুলে ধরবে।

তার ভাষ্য, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের লক্ষ্য শুধু জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরা নয়; বরং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের অবস্থান শক্তিশালী করা, অভিযোজন সক্ষমতা ও অর্জন তুলে ধরা এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নেয়া।

আরও