মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে একই দিনে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন।
আজ সোমবার সকাল ৬টার দিকে তিনি কারাগারে অসুস্থবোধ করলে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তাকে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দুপুর ১টার দিকে চিকিৎসা শেষে তাকে ঢাকা থেকে কারাগারে ফিরিয়ে আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।