গবেষণায় বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রতিষ্ঠানটির ৬২ জন শিক্ষক-গবেষককে সম্মাননা দেয়া হয়েছে। গুগল স্কলারে ২ হাজার বা তার বেশি সাইটেশন পাওয়ায় তারা এ স্বীকৃতি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শিক্ষা উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশাসন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, জনসংখ্যাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নে সম্মাননাপ্রাপ্ত গবেষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া সম্ভব নয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিল্প খাতের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ২০ বছর মেয়াদি একটি একাডেমিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য ১ হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে আরও ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের লক্ষ্য নেয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক এবং সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্ক আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো জানান, বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প নেয়া হচ্ছে। পাশাপাশি গবেষণাগার থেকে গবেষণাগার এবং গবেষক থেকে গবেষকের মধ্যে যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরো বাড়ানোর উদ্যোগ রয়েছে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম রয়েছেন। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, অধ্যাপক ড. মো. আহসান হাবীব এবং অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবও সম্মাননা পেয়েছেন।
এছাড়া ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস, জৈবচিকিৎসা পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদির, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক সম্মাননা পেয়েছেন।
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, অধ্যাপক ড. রুমানা হক ও অধ্যাপক ড. এম নিয়াজ আসাদ উল্লাহ এ সম্মাননা পেয়েছেন। জনসংখ্যাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ বিললাল হোসেন ও অধ্যাপক ড. মো. রবিউল হক এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও তালিকায় রয়েছেন।
জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী সম্মাননা পেয়েছেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরও এ তালিকায় রয়েছেন।
অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা এবং মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ আল-মামুন সম্মাননা পেয়েছেন।
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং অধ্যাপক ড. আবুল বাশার মীর মোহাম্মদ খাদেমুল ইসলাম এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. এম. রেজাউল ইসলামও সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মো. শাহ এমরান ও অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং চিকিৎসা ঔষধবিজ্ঞান ও ঔষধক্রিয়া বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান এ স্বীকৃতি পেয়েছেন।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মো. আজিজ হাসান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদও সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
প্রকৌশল ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন সম্মাননা পেয়েছেন। ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. পাপিয়া হক, অধ্যাপক ড. মিঠুন সরকার, অধ্যাপক ড. আবুল খায়ের মল্লিক, সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন ও সহযোগী অধ্যাপক ড. তাছলিম উর রশিদও এ সম্মাননা পেয়েছেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ এবং পারমাণবিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. অনিমেষ পালও সম্মাননা পেয়েছেন।
চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান, মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল ও অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং গ্রাফিক নকশা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম সম্মাননা পেয়েছেন।
শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীও এ সম্মাননা পেয়েছেন।
এছাড়া পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমান এবং বিজ্ঞানবিষয়ক উন্নত গবেষণা কেন্দ্রের ড. গাজী নুরুন নাহার সুলতানা, ড. মো. লতিফুল বারী ও ড. সমীরন ভট্টাচার্য্য সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।