‎লক্ষ্মীপুর

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবক আটক

টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল এনে ওই বাড়িতে বিক্রির জন্য রাখা হয়েছে— এমন সংবাদে কর্নেল মজিদের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে দুটি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়।

‎লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে দুটি এলজি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। এসময় উদ্ধার করা হয় নগদ ৩৬ হাজার টাকা ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সেনাবাহিনীর (অব.) কর্নেল মজিদের বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ ওই তিন যুবককে আটক করা হয়।

‎আটক যুবকরা হলেন— কর্নেল মজিদের ভাতিজা ও মনির হোসেনের ছেলে আহমেদ আল মারুফ প্রকাশ রবিন (৩৪), তার ভাই আহমেদ আল আকাশ ও পৌর শহরের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ (২৪)।

‎লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল এনে ওই বাড়িতে বিক্রির জন্য রাখা হয়েছে— এমন সংবাদে কর্নেল মজিদের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে দুটি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮৬ পিস ইয়াবা ও নগদ ৩৬ হাজার টাকা ও পার্সপোর্ট, এটিএম কার্ডসহ বিভিন্ন ব্যাংকের চেকবই। ধারণা করা হচ্ছে, অভিযানের বিষয়টি টের পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলেছে তারা।

‎তিনি আরো জানান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মজিদের পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় ওই বিলাসবহুল বাড়ির কেয়ারটেকার হিসেবে দেখাশোনার জন্য রাখা হয় কর্নেলের ভাতিজা আহমেদ আল মারুফ প্রকাশ রবিনকে। সেই সুবাদে ওই বাড়িতে মাদ্রক ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে।

আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই সেনা কর্মকর্তা।‎

আরও