বান্দরবানের আলীকদমে এক নারীসহ দুই পর্যটকের মৃত্যু ও একজন নিখোঁজের ঘটনায় নিহত স্মৃতি আক্তারের বাবার করা মামলায় অনলাইনভিত্তিক ভ্রমণ গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট গ্রুপ’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পুলিশ সুপার।
আজ শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিহত স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় এ মামলাটি করেন। এরপর বেলা ১১টার পর বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করা হয়। এর আগে থেকে পুলিশ হেফাজতে ছিলেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনলাইনভিত্তিক ভ্রমণ গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট গ্রুপ’ এর অ্যাডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ১৩ জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাকে নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি পর্যটকদের অবগত করেননি। তাদের ট্যুর টিম গত ৯ জুন দুর্গম রংরাং-ক্রিসতং পাহাড়ের চুড়া এলাকার উদ্দেশে যাত্রা করে। গত ১০ জুন বর্ষা ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান। অপর দিকে অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভর মাধ্যমে ২২ জনকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠানো হয়। এ ২২ জনের মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। গত ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় তৈন খাল পার হবার সময় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে গত ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করলেও মো. হাসান চৌধুরী শুভ এখনো নিখোঁজ রয়েছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ ওই ট্যুর আয়োজন করায় এ দুর্ঘটনা ঘটেছে। মামলায় বর্ষা ইসলামসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বর্ষা ইসলাম বৃষ্টি যশোর জেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, এক নারীসহ দুই পর্যটকের মৃত্যু ও একজন নিখোঁজের ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ট্যুর এক্সপার্ট এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। এ পরিপ্রেক্ষিতে মামলার বিবাদীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অপারেটর এজেন্সিগুলোর আরো বেশি দক্ষতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য ট্যুর অপারেটর ও গাইডদের সতর্কতা অবলম্বন করা জরুরি। এসব ট্যুরে যাবার আগে স্থানীয় প্রশাসনকে অবগত করা উচিত। প্রশাসন যাতে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে বলে জানান তিনি।