প্রকৃত ওয়েলফেয়ার স্টেট (কল্যাণমূলক রাষ্ট্র) গঠনের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ও সোলার সিস্টেমের ব্যাপক প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।
রাজধানীর গুলশান-২-এর লেকশোর হোটেলের লা ভিটা হলে আয়োজিত এক সংলাপে আজ তিনি এসব বলেন। ‘সোলার রেভ্যুলুশন ইন পাকিস্তান: লেসনস ফর বাংলাদেশ ফ্রম ন্যাশনাল বাজেট পারসপেক্টিভ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
নুরুল ইসলাম মনি বলেন, দেশের প্রায় ৭৩ শতাংশ গ্রামীণ মানুষ কোনো না কোনোভাবে সোলার সিস্টেমের সুফল ভোগ করছে, যা একটি বড় অর্জন। প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র পরিসরে কাজ শুরু হলেও খুব দ্রুত এ প্রযুক্তিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ সংকট ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সেচ ব্যবস্থা ও কৃষি খাতকে পুরোপুরি সোলার সিস্টেমের আওতায় আনার প্রক্রিয়া চলছে। সেচ টিউবওয়েল ও অল পাওয়ার পাম্পগুলোকে প্রথাগত বিদ্যুৎ সংযোগ থেকে রূপান্তর করে সোলার সিস্টেমে নিয়ে আসা হবে। এটি দেশের কৃষি ও অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে শুল্ক কাঠামোয় বড় ধরনের ছাড় দেয়ার মানসিকতা রয়েছে।
জালানি খাতের এ রূপান্তরকে বেগবান করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশীদারত্বের ওপরও গুরুত্বারোপ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশের সব সরকারি অফিস এবং শিল্প-কারখানায় নবায়নযোগ্য জ্বালানি বাধ্যতামূলক করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সৌরবিদ্যুৎ খাতে বিদেশী অর্থায়নের কাঠামোগত মডেলের প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে চীন যেভাবে ফ্ল্যাট রেট পদ্ধতি গ্রহণ করেছে, সেটি বাংলাদেশের জন্য অনুকরণীয় মডেল হতে পারে। আপনারা জানেন, বর্তমানে প্রধানমন্ত্রী চীনে অবস্থান করছেন। এ সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি— সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে চীনের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি হতে পারে।
অনুষ্ঠানে পাকিস্তানের নবায়নযোগ্য বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ‘রিনিউয়েবলস ফার্স্ট’-এর স্পেশাল ইনিশিয়েটিভস ও চায়না প্রোগ্রামের ম্যানেজার মুহাম্মদ বাসিত গৌরী। তিনি বলেন, বিশ্ববাজারে প্যানেলের দরপতন ও বিদ্যুৎ সংকটের কারণে দক্ষিণ এশিয়ায় বড় সৌর রূপান্তর শুরু হয়েছে। পাকিস্তান এরই মধ্যে চীন থেকে রেকর্ড সোলার প্যানেল আমদানি করে তাদের গ্রিড সক্ষমতার চেয়েও বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করছে।
তিনি বলেন, একই ধরনের সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ শুল্কের বোঝা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পিছিয়ে আছে। দেশে সোলার প্যানেল ও ব্যাটারির ওপর উচ্চ আমদানি শুল্ক এবং নেট মিটারিংয়ের ধীর গতি এই জোয়ারের প্রধান বাধা। শুল্ক প্রত্যাহার ও সহজ ডিজিটাল অনুমোদন নিশ্চিত করা গেলে বাংলাদেশও আগামী দেড় বছরের মধ্যে একটি বড় সৌর বিপ্লবের সাক্ষী হতে পারে।
অনুষ্ঠানে সিপিডির পক্ষ থেকে ‘বাংলাদেশের এনার্জি ট্রানজিশন: অফগ্রিড থেকে অনগ্রিড’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন সংস্থাটির রিসার্চ অ্যাসোসিয়েট আতিকুজ্জামান শাযীদ। তিনি বলেন, জাতীয় গ্রিডের দ্রুত বিস্তারে বাংলাদেশের ২ কোটি মানুষের অফ-গ্রিড সোলার হোম সিস্টেম মডেলটি ভেঙে পড়েছে। বর্তমানে দেশে ৪ হাজার ৫৫১টি নেট-মিটারিং রুফটপ সোলারের মাধ্যমে অন-গ্রিড সৌরবিদ্যুতের এক নতুন জোয়ার শুরু হয়েছে। তবে উচ্চ আমদানি শুল্ক, অর্থায়নের অভাব এবং সৌর সেচ পাম্পগুলোর গ্রিড সংযোগ না থাকা এ খাতের প্রধান চ্যালেঞ্জ। এছাড়া টেকসই উন্নয়নে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর অধীনে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় ও নীতিমালা সংস্কারের সুপারিশ করেছে সংস্থাটি।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় এ সংলাপে মতামত দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর নবায়নযোগ্য জ্বালানি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আসিফ শাহরিয়ার, পরিবেশবাদী সংগঠন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী, বিপ্পার সভাপতি ডেভিড হাসনাত এবং বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ।