মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
আজ রোববার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীন নৌবাহিনী কন্টিনজেন্ট চাঁদপুরের সদস্যরা আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দ করা জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিতে সরকারের নির্দেশনায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী।
গত ৮ অক্টোবর শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্ধারিত সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী।