লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরো একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে সপরিবারে উদযাপনের জন্য স্ত্রী এবং ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম। তাদের বহনকারী মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।