চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৭-১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশে প্রস্তুতি নিচ্ছেন তারা।
গতকাল বিকালে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘নভেম্বরের ৭-১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতের কাজ চলমান।’
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হলেও ফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়। ওই বোর্ডের পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।
এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।