রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক কলহের জেরে একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকাল ৪টার দিকে শ্যামবাজারের ১৫/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন মো. সিদ্দিক (৩৫), ইমন (২৫), রাজিব (৩৫), তানিয়া (১৮) ও ধলু মিয়া ওরফে আরিফ (৩৪)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ সিদ্দিকের ভাগিনা আল-মামুন জানান, পারিবারিক কলহের জেরে ইমন সিদ্দিক নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
দগ্ধদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। পরে ইমন শনিবার দেশে ফিরে আসেন।
ধলু মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, শনিবার বিকালে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দেন। তিনি বলেন, আমিও মরব, তোদেরকেও মারব। এরপর নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে জানান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং ধলু মিয়া ওরফে আরিফের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের শ্বাসনালি দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।